গুগলের জিএনআই প্রশিক্ষণ শুরু

৭ জুলাই, ২০২০ ১২:১৮  
ছোট আকারের ডিজিটাল সংবাদ প্রকাশকদের ব্যবসা দাঁড় করানো এবং অনলাইন ব্যবসায় প্রসারে সহায়তা করতে বিনামূল্যের প্রশিক্ষণ প্রকল্প চালু করছে গুগল। ইউরোপের দেশ স্পেন, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, পোল্যান্ড এবং ফ্রান্স এই ছয়টি দেশে সোমবার শুরু হয়েছে গুগল নিউজ ইনিশিয়েটিভের এই ডিজিটাল গ্রোথ প্রোগ্রাম। গুগল বলছে, “প্রশিক্ষণগুলো সব স্থানীয় ভাষায় এবং সামনের কয়েক মাসে অন্যান্য দেশেও শুরু হবে।” কোভিড-১৯ মহামারীর সময়ে স্থানীয় সংবাদের চাহিদা বেড়ায় এই উদ্যোগ নিয়েছে টেক জায়ান্টটি। সম্প্রতি পাঁচ হাজার তিনশ’ স্থানীয় সংবাদ সংস্থাকে তহবিল দেওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে সংবাদ প্রকাশকদের জন্য পাঁচ মাসের অ্যাড ম্যানেজার ফি বাতিল করেছে প্রতিষ্ঠানটি। এদিকে গত মাসেই নতুন লাইসেন্সিং প্রকল্পের ঘোষণা দিয়েছে গুগল। উচ্চমানের কনটেন্টের জন্য প্রকাশককে এই প্রকল্পের মাধ্যমে অর্থ দেবে এই ইন্টারনেট জায়ান্ট। চলতি বছরের শেষ নাগাদ এই প্রকল্প শুরু করবে প্রতিষ্ঠানটি। এই প্রকল্পের মাধ্যমে সংবাদ প্রকাশকদেরকে কনটেন্ট সাজনো শেখাবে গুগল, যাতে জটিল খবরগুলোকে সহজে গল্পের আদলে উপস্থাপন করতে পারে প্রকাশকরা।